বাগেরহাটে স্বাস্থ্যসেবার নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনের প্রত্যাশায় প্রতিষ্ঠিত বাগেরহাট মেডিকেল ফাউন্ডেশনের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) বিকেল ৪টায় বাগেরহাট শহরের নতুন জেলখানা রোডসংলগ্ন এলাকায় ফাউন্ডেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, বাগেরহাট মেডিকেল ফাউন্ডেশনের পাশে তিনি সবসময় থাকবেন। ফাউন্ডেশনের কার্যক্রম এগিয়ে নিতে প্রয়োজনীয় সহযোগিতারও আশ্বাস দেন তিনি। চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ও অবহেলিত মানুষের কল্যাণে এমন উদ্যোগকে স্বাগত জানান মন্ত্রী।
অনুষ্ঠানে বাগেরহাট মেডিকেল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও জেলা বিসিএস অফিসার্স ফোরামের সভাপতি অবসরপ্রাপ্ত সচিব ড. মো. ফরিদুল ইসলাম বাবলু, বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন, লতিফ মাস্টার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সরদার নাসির উদ্দিন লনি, দুদক আইনজীবী শেখ নজরুল ইসলাম কাজল, বাগেরহাট মেডিকেল ফাউন্ডেশনের সদস্য রাকিবুল ইসলাম, নুরুল আমিন লিটন ও বেগ শামিমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বাগেরহাট মেডিকেল ফাউন্ডেশনের উদ্যোক্তা, সভাপতি এবং ঢাকা এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক প্রফেসর শেখ আবু জাফর বলেন, স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং বাগেরহাটে আধুনিক, মানবিক ও জনকল্যাণমূলক চিকিৎসাসেবার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যেই ফাউন্ডেশনটি গড়ে তোলা হচ্ছে। মন্ত্রীর সহযোগিতার আশ্বাসে ফাউন্ডেশনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
দীর্ঘদিন বন্ধ থাকা দশানী–হেলাতলা সড়কের কাজ শুরু এর আগে সোমবার দুপুরে বাগেরহাট শহরের দশানী এলাকায় দীর্ঘদিন বন্ধ থাকা দশানী–হেলাতলা সড়কের পুনর্নির্মাণ ও সংস্কারকাজের উদ্বোধন করেন মন্ত্রী শেখ রবিউল আলম।
সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, বাগেরহাটের দশানী থেকে রামপাল হয়ে মোংলা পর্যন্ত প্রায় ৩৪ কিলোমিটার জেলা মহাসড়কের উন্নয়নকাজ চারটি প্যাকেজে ২০২১ সালে শুরু হয়। এর মধ্যে দশানী থেকে হেলাতলা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কের কাজ ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণে দীর্ঘদিন বন্ধ ছিল।
দশানী–হেলাতলা সড়কের পুনর্নির্মাণ ও সংস্কারকাজের উদ্বোধন
সম্প্রতি পুরোনো ঠিকাদারি প্রতিষ্ঠানের কার্যাদেশ বাতিল করে নতুন ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হয়েছে। নতুন করে সড়কটির নির্মাণকাজ বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে মাফুজ খান লিমিটেড। প্রায় ৭২ কোটি ৯৮ লাখ টাকা ব্যয়ে দশানী থেকে হেলাতলা পর্যন্ত সড়কটি পুনর্নির্মাণ ও সংস্কার করা হচ্ছে। চুক্তি অনুযায়ী, ২০২৭ সালের জুনের মধ্যে কাজ শেষ হওয়ার কথা রয়েছে।
সড়কটি উন্নত হলে বাগেরহাট শহরের সঙ্গে রামপাল ও মোংলার যোগাযোগব্যবস্থা আরও সহজ ও নিরাপদ হবে। পাশাপাশি মোংলা বন্দরকেন্দ্রিক পণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য এবং স্থানীয় মানুষের যাতায়াতে এর ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
বাগেরহাটে একই দিনে স্বাস্থ্যসেবা ও যোগাযোগ অবকাঠামোর দুটি গুরুত্বপূর্ণ উদ্যোগের অগ্রযাত্রা শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যেও তৈরি হয়েছে আশাবাদ।